ইরানের ওপর ইসরায়েলি হামলা নিয়ে সৌদি আরবের তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

সৌদি আরব শুক্রবার (১৩ জুন) ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা ও সামরিক কমান্ডারদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে এবং আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন করে এই আগ্রাসন চালানো হয়েছে, যা সৌদি আরব সমর্থন করে না।

ইরানি গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নাতানজে দেশটির প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সহ বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই হামলার পর ইসরায়েল প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছে।

এদিকে, ইরানের অভিজাত বিপ্লবী গার্ড কর্পসের শীর্ষ কমান্ডার হোসেইন সালামি নিহত হয়েছেন এবং তেহরানের একটি আবাসিক এলাকায় বিমান হামলায় বেশ কয়েকজন শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে।ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় জানিয়েছেন, আমরা ইসরায়েলের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে রয়েছি। ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন চালু করেছে, যা ইরানি হুমকি প্রতিহত করার জন্য একটি সামরিক অভিযান। এই অভিযান যত দিন প্রয়োজন, তত দিন চলবে।

ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানান, তারা মধ্য ইরানের নাতানজ স্থাপনা সহ বিভিন্ন পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এ সময় তারা দাবি করেছে যে, ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট উপকরণ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলায় তাদের কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছে। তবে এই সংঘাত মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করতে পারে।

জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক জানান, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির নিন্দা করেছেন এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন, যাতে সংঘাতের ঝুঁকি থেকে এড়ানো যায়।
এ বিভাগের অন্যান্য