গুলিতে ছাত্রদল কর্মী নিহত, ‘ভাইজান’সহ ১০ জনের বিরুদ্ধে মামলা

সিলেটের সময় ডেস্ক :

 

দীর্ঘদিন ধরে চট্টগ্রামের হাটহাজারীতে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ফিল্মি স্টাইলে ‘ভাইজান’ বাহিনীর গুলিতে নিহত ছাত্রদল কর্মী মো. আরিফের (১৬) মা শামছুন্নাহার বেগম বাদী হয়ে থানায় সুনির্দিষ্ট তিনজনসহ ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।

বৃহস্পতিবার (১২ জুন) বিকাল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার এসআই নাজমুল হাসান।

মামলায় হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ফরিদ আহাম্মদের পুত্র ভাইজান বাহিনীর প্রধান মহিউদ্দিন শিবলু বাচা প্রকাশ ভাইজানকে প্রধান আসামি করা হয়েছে।

এতে আরও আসামি করা হয়েছে ভুট্টু-সুমন গ্রুপের অন্যতম লিডার চসিক ১নং দক্ষিণ পাহাড়তলী সন্দ্বীপ কলোনি আমতলী এলাকার মৃত মুজিবুল হকের পুত্র মো. সুমন ও তার অন্যতম সহচর হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সম্রাট প্রকাশ এলজি সম্রাটসহ অজ্ঞাতনামা ৬-৭ জন।

তবে এ ঘটনায় চার দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কোনো আসামিকে গ্রেফতার পারেনি।

প্রসঙ্গত, গত ৮ জুন রাত ১১টার দিকে সন্দ্বীপ কলোনির ফুটবল খেলার মাঠে ভাইজান বাহিনীর সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছিল ছাত্রদল কর্মী মো. আরিফ (১৬)। এর মধ্যে বুধবার ভোররাতের দিকে নগরীর বায়েজিদ থানার সাজিনাজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।

নিহত আরিফ ওই এলাকার রাজমিস্ত্রি মো. আবুল ফয়েজের ছেলে। তিনি চৌধুরীহাটের ফতেয়াবাদ কলেজের পশ্চিমে একটি কারখানায় চাকরি করতেন। সন্দ্বীপ কলোনিতে দীর্ঘদিন ধরে থাকলেও তাদের আসল বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরে।

হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মোহাম্মদ হোসেন বলেন, নিহত আরিফের মা বাদী হয়ে বুধবার রাতে ১০ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা রুজু করেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তথা মামলার আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে।

এ বিভাগের অন্যান্য