ঋণ করে দুবাই গিয়ে লাশ হয়ে ফিরলেন তরুণ

সিলেটের সময় ডেস্ক :

 

২৩ বছর বয়সী যুবক মোরশেদুল আলম বাবুর স্বপ্ন ছিল দুবাই গিয়ে নিজের ও পরিবারের ভাগ্য ফেরাবেন। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। ফিরিয়ে আনবেন পরিবারের সচ্ছলতা। ধারদেনা করে ২০১৯ সালে পাড়ি জমান দুবাইয়ে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস নিমিষে ভেস্তে গেল বাবুর সেই স্বপ্ন।

 

গত ২৬ মে দুবাইয়ে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বাবু। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের আলী মিয়া হাজীর বাড়ির বাসিন্দা জমির উদ্দিনের ছেলে বাবু।

মৃত্যুর ১৭ দিন পর আজ বৃহস্পতিবার (১২ জুন) সকালে নিহত বাবুর লাশ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। স্বজনরা লাশ গ্রহণ করে সকাল ১১টার দিকে বাড়িতে নিয়ে এলে এক হৃদয়বিদারক দৃশ্য দেখা হয়।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের অসংখ্য নারী-পুরুষ বাবুর মরদেহ একনজর দেখার জন্য ভিড় করেছেন তার বাড়িতে। তিন বছর আগে স্বামী হারানো বাবুর মা শামসুন নাহার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

স্থানীয়রা জানান, আর্থিক দুরবস্থায় পড়ে ভাগ্য ফেরাতে বিদেশ গিয়েছিল বাবু। কে জানতে তার এভাবে মৃত্যু হবে।

ঋণগ্রস্ত পরিবারটি একমাত্র কর্মক্ষম ছেলেকে হারিয়ে এখন দিশাহারা।
এ বিভাগের অন্যান্য