রায়পুরায় গুলিবিদ্ধ মাদরাসাছাত্রী তাফসিরা মারা গেছে

সিলেটের সময় ডেস্ক :

 

নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগরে গুলিবিদ্ধ হওয়া মাদরাসা শিক্ষার্থী তাফসিরা (১২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার (১২ জুন) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

তাফসিরা শ্রীনগর এলাকার আশরাফ আলী মেয়ে। তাফসিরার ভাই ইয়াছিন মিয়া গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ৯ জুন রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়। স্থানীয় সোহেল ও তার অনুসারীরা বর্তমান ইউপি চেয়ারম্যান রিয়াজ মোরশেদ খান রাসেলের সমর্থকদের ওপর দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। সংঘর্ষের সময় বাজারের উদ্দেশে রওনা হওয়া তাফসিরা গুলিবিদ্ধ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গুলিবিদ্ধ হওয়ার পর তাফসিরাকে তাৎক্ষণিক উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে আজ বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।
তাফসিরার ভাই ইয়াছিন মিয়া বলেন, ‘আমার বোন বাজারে যাচ্ছিল। হঠাৎ সংঘর্ষের মধ্যে পড়ে যায়।

গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে শেষ পর্যন্ত বাঁচানো গেল না।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, গুলিবিদ্ধ মাদরাসাছাত্রীর নিহতের ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। ৯ জুনের ঘটনার পর সোহেলের বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি।

এ বিভাগের অন্যান্য