২ কর্মীকে হত্যার ঘটনায় বিএনপির ২ নেতা বহিষ্কার, কমিটি বিলুপ্ত
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া গ্রামের বিএনপি কর্মী আপন দুই ভাই মোহাব্বত আলী ও ইউনুচ আলী হত্যাকাণ্ডের ঘটনায় কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম ও সাবেক সদস্য আশরাফ মহুরিকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে জেলা বিএনপি। একই সঙ্গে কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলটি।
বৃহস্পতিবার (১২ জুন) জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাইদ জোয়াদ্দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ব্যাপারে ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, আজ তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নিয়ে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে মোহাব্বত আলীর ছেলে এনামুল হক বাদী হয়ে কালীগঞ্জ থানায় ডা. নুরুল ইসলামকে ১ নম্বর আসামি করে ৫৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
