শেখঘাটে চোখের পলকে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ডা. জেসির প্রাণ
সিলেটের সময় ডেস্ক :
সিলেট নগরীর কাজিরবাজার ব্রিজ সংলগ্ন শেখঘাট জিতু মিয়ার পয়েন্টে চোখের পলকে বেপরোয়া ট্রাকের ধাক্কায় এক নারী চিকিৎসকের মর্মান্তিক মৃৃত্যু হয়েছে। তার নাম ডা. রহিমা খানম জেসি (৩২)। তিনি সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন।
সিসিটিভির এক ফুটেজে দেখা যায়, রোববার (৮ জুন) সকাল ১১টার দিকে শেখঘাটস্থ জিতু মিয়ার পয়েন্টে রিকশায় বসা ছিলেন এই চিকিৎসক। রিকশাটি সড়কের পাশে দাঁড়িয়ে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। এমন সময় ব্রিজের উপর দিয়ে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক এসে সরাসরি রিকশার উপর উঠে যায়। এতে মারা যান ডা. জেসি।
ডা. জেসি দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার আবু নছরের মেয়ে। তার গ্রামের বাড়ি ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের জৈন্তাপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির একটি বড় পিকআপ রিকশাকে ধাক্কা দিলে রিকশায় থাকা ডা. জেসি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকাল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ঘাতক ট্রাকের ড্রাইভার গাড়ি ফেলে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় লামাবাজার ফাড়ির পুলিশ গাড়িটি জব্দ করে এবং চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপরে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
