পশু কোরবানি কতদিন করা যাবে
প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য কোরবানি করা আবশ্যক। তবে পশু নির্ধারিত সময়ে নির্ধারিত পদ্ধতিতে কোরবানি করতে হয়। নিম্নে তার বিবরণ দেওয়া হলো—
কোরবানির সময়
কোরবানির সময়কাল হলো জিলহজের ১০ থেকে ১২ তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। এই তিন দিনের যেকোনো দিন কোরবানি করা জায়েজ।
একইভাবে ঈদুল আজহার নামাজের আগে কোরবানি করা বৈধ নয়। (কুদুরি, পৃষ্ঠা-১৯৮)
কোরবানির পশু জবাইয়ের পদ্ধতি
নিজের কোরবানির পশু নিজ হাতে জবাই করা মুস্তাহাব। যদি নিজে জবাই করতে না পারে তবে অন্যের দ্বারা জবাই করাবে। এ অবস্থায় নিজে সামনে দাঁড়িয়ে থাকা উত্তম।
পশু জবাই করার সময় মুখে নিয়ত করা জরুরি নয়।
জবাই করার সময় চারটি রগ কাটা জরুরি
১. কণ্ঠনালি, ২. খাদ্যনালি, ৩. দুই পাশের মোটা রগ, যাকে ওয়াজদান বলা হয়। এই চারটি রগের যেকোনো তিনটি কাটা হলে কোরবানি শুদ্ধ হবে। কিন্তু যদি দুটি কাটা হয় তবে কোরবানি শুদ্ধ হবে না। (হেদায়া : ৪/৪৩৭)
