আঘাত হানতে পারে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘শক্তি’, ব্যাপক ক্ষতির শঙ্কা
বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশংকা রয়েছে। মে মাসের ২৩ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
আজ রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি। তার দেওয়া তথ্য মতে, সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘শক্তি’।
এই পোস্টের সঙ্গে একটি ফটোকার্ড শেয়ার করেছেন আবহাওয়াবিদ পলাশ। এতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে মে মাসের ২৩ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে। সম্ভব্য ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি, এটি শ্রীলঙ্কার দেওয়া নাম।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছিল, ১৬ থেকে ১৮ মের মধ্যে সাগরে একটি সার্কুলেশন তৈরি হতে পারে। এরপর সেটি ধাপে ধাপে লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
তবে সম্ভব্য ঝূর্ণিঝড় শক্তিকে নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সতর্কতা জারি করেনি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
