তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনার পরিচয়পত্র পেশ
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম রাজা তৃতীয় চার্লস-এর কাছে আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেছেন। এসময় তাদের মধ্যে কুশল বিনিময় হয় এবং অর্থবহ আলোচনা হয়।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বাকিংহাম প্যালেসে পরিচয়পত্র পেশ করেন তিনি।
রীতি অনুযায়ী, আনুষ্ঠানিক শোভাযাত্রা সেন্ট জেমসেস কোর্ট থেকে শুরু হয়।
প্রাসাদে পৌঁছানোর পর কাউন্টেস অব অ্যারান, লেডি মার্গারেট ডগলাস এবং বাকিংহাম প্যালেস-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা হাইকমিশনারকে আন্তরিকভাবে স্বাগত জানান। প্রথা অনুযায়ী আনুষ্ঠানিকতা শেষে, ডিপ্লোমেটিক কোর-এর মার্শালের নেতৃত্বে হাইকমিশনার আবিদা ইসলাম রাজা তৃতীয় চার্লস-এর নিকট পরিচয়পত্র পেশ করেন।
বাংলাদেশ সরকারের ও জনগণের পক্ষ থেকে এবং অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে হাইকমিশনার রাজা চার্লসকে বাংলাদেশ সফরের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানান।
রাজা চার্লস অধ্যাপক ইউনূসকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং তার দাতব্য সংস্থা ও গ্রামীণ ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে স্মৃতিচারণ করেন।
