অভিষেক হওয়া তানজিম ভাঙলেন ওপেনিং জুটি
খেলাধুলা ডেস্ক ঃ
সাদা বলে নিজেকে প্রমাণের পর তানজিম হাসান সাকিব পেয়েছেন লাল বলে খেলার সুযোগ। টাইগার পেসারের সকালটি তবে ভালো যায়নি। প্রথম তিন ওভারে বেশ খরুচে ছিলেন। তবে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন তিনিই। জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভেঙে তানজিম এনেছেন স্বস্তি।
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ওপেনিং জুটিতে অনেকদূর এগিয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। বেন কারানকে নিয়ে ৪১ রানের জুটি গড়েছিল ব্রায়েন বেনেট। জিম্বাবুয়ের ওপেনারকে দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে ফেরান তানজিম। ২১ রান করে ফেরেন বেনেট। টেস্টে অভিষেক হওয়া তানজিম ৫ ওভারে ২০ রান খরচায় লাল বলের প্রথম উইকেট পুরেছেন ঝুলিতে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ রানে ১ উইকেট হারিয়ে ব্যাট করছে জিম্বাবুয়ে। বেন কারান ব্যাট করছেন ১৪ রানে, তাকে সঙ্গ দিচ্ছেন নিক উইলস। অবশ্য ১১ রানে কারানকে আউট করার সুযোগ এসেছিল। মেহেদী হাসান মিরাজের বলে স্লিপে ক্যাচ ছেড়েছিলেন সাদমান ইসলাম।
আজ তিনটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ হারিয়েছেন জায়গা। পিএসএল খেলতে যাওয়ার কারণে দলে নেই নাহিদ রানা। তার জায়গায় অভিষেক হচ্ছে তানজিম হাসান সাকিবের। দীর্ঘদিন পর দলে ফিরেছেন এনামুল হক বিজয়। স্পিনার নাঈম হাসানকে রাখা হয়েছে বোলিং আক্রমণে।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে কাগজে-কলমে বাংলাদেশ-ই এগিয়েছিল। তবে মাঠের খেলায় বাংলাদেশের এখন এতটাই দুর্দিন চলছে যে, সিলেট টেস্ট শুরুর পর অনেকটা যেন শান্ত বাহিনীকে বলেকয়ে হারিয়েছে জিম্বাবুয়ে। ৩ উইকেটের জয়ে সিরিজে এখন চালকের আসনে শন উলিয়ামসরা। আজ শুরু হয়েছে ৫ দিনের লড়াই। টেস্টটি ড্র হলেও সিরিজ জিতবে জিম্বাবুয়ে। বাংলাদেশের তাই জেতার বিকল্প নেই।
