হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করেছে ইসি
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করেছে নির্বাচন কমিশনের (ইসি) অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, একটি চিঠির মাধ্যমে এ তালিকাভুক্ত ১০ জনের এনআইডি লক করা হয়।
নথিপত্র অনুসারে, ১৬ ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়। তবে নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে সরাসরি কোনো নির্দেশ ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং এখনও সেখানে অবস্থান করছেন। ভারত-বাংলাদেশের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি থাকায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে।
