যুক্তরাষ্ট্রকে ‘তুষ্ট করতে’ ক্ষতিকর চুক্তির নিন্দা চীনের
চীন সোমবার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা অন্যান্য দেশের তীব্র সমালোচনা করে তীব্র শুল্ক যুদ্ধে ওয়াশিংটনকে ‘তুষ্ট’ করা দেশের বিরুদ্ধে পাল্টাব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বিশ্বের অন্যান্য দেশের ওপর ১০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হলেও, চীন অনেক পণ্যের ওপর ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সম্মুখীন হয়েছে। চীনও মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপের পাল্টাব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘তুষ্টি শান্তি আনবে না এবং আপসকে সম্মান করা হবে না।’
বেইজিং আরো বলেছে, অন্যের স্বার্থের বিনিময়ে নিজের সাময়িক স্বার্থ হাসিল করার অর্থ বাঘের কাছে তার চামড়া চাওয়ার শামিল।
ওই মুখপাত্র বলেন, চীনের স্বার্থের বিনিময়ে যেকোনো পক্ষের চুক্তিতে পৌঁছনোর তীব্র বিরোধিতা করে বেইজিং।
তারা আরো বলেন, যদি এমন পরিস্থিতি দেখা দেয়, চীন কখনই তা মেনে নেবে না এবং শক্তভাবে পারস্পরিক পাল্টাব্যবস্থা গ্রহণ করা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ফলে ওয়াশিংটন ও বেইজিং একে অপরের আমদানির ওপর চোখ ধাঁধানো শুল্ক আরোপ করেছে।
ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্র শুল্ক নিয়ে চীনের সঙ্গে আলোচনা করছে। তিনি আরো বলেন, তিনি আত্মবিশ্বাসী যে বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলো তিক্ত বাণিজ্য যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তি করতে পারে।
ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, ‘হ্যাঁ, আমরা চীনের সঙ্গে কথা বলছি।’ চীন বেশ কয়েকবার যোগাযোগ করেছে বলেও ঊল্লেখ করেন ট্রাম্প।
চীন ‘শেষ পর্যন্ত’ বাণিজ্য যুদ্ধ লড়াই করার ঘোষণা দিয়েছে। ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করছে কিনা তা নিশ্চিত করেনি। যদিও তারা সংলাপের আহ্বান জানিয়েছে।
