বিচার ও সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না : জামায়াতের আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামির আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, খুনিদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের জন্য অবশ্যই সমতল মাঠ তৈরি করতে হবে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাট বিমানবন্দর ও মোগলহাট স্থলবন্দর চালু এবং লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীতকরণসহ বিভিন্ন দাবিতে লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে শনিবার (১৯ এপ্রিল) জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
ভারতের সঙ্গে সম্প্রীতি, শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে প্রতিবেশি হিসাবে বসবাস করতে চান উল্লেখ করে জামায়াতের আমীর বলেন, ‘আমরা ভালো থাকলে তারাও ভালো থাকবে।
ডা. শফিকুর রহমান আরো বলেন, ‘ফ্যাসিবাদের পতন হলেও এখনো কিছু রাজনীতিক চাঁদাবাজি-দখলবাজি করছে।’ জামায়াত ক্ষমতায় গেলে নারীদরে সম্মান, নিরাপত্তা ও কাজের ব্যবস্থা করবে বলেও তিনি বক্তব্যে উল্লেখ করেছেন।
জনসভায় যোগ দিতে জেলার বিভিন্ন উপজেলাসহ আশপাশের জেলাগুলো থেকে দলের কর্মী-সমর্থকরা সকাল থেকে মিছিল নিয়ে সভাস্থলে এসে উপস্থিত হন।
জেলা জামায়াতে ইসলামির আমীর অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে জনসভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
