আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, সিদ্ধান্ত তাদের
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি না, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
বিবিসির সাংবাদিক সামিরা হুসেইনের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, তারা নির্বাচনে অংশ নেবে কি না, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। আমি তাদের হয়ে সিদ্ধান্ত নিতে পারি না।
তিনি বলেন, শান্তি ও শৃঙ্খলা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর অর্থনীতি। এটি একটি ভেঙে পড়া, বিধ্বস্ত অর্থনীতি। এটা এমন যেন ১৬ বছর ধরে একটি ভয়াবহ টর্নেডো বয়ে গেছে, আমরা এখন সেই ভাঙা টুকরাগুলো জোড়া লাগানোর চেষ্টা করছি।
তিনি আরো বলেন, ‘আমাদের প্রত্যাশা অনুযায়ী সময়ে সংস্কার হলে নির্বাচন হবে ডিসেম্বরে, আর সংস্কারের বেশি দরকার হলে নির্বাচন হতে আরো কয়েক মাস লাগতে পারে।’
অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের সাত মাস পেরিয়ে গেলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি কেন এখনো স্বাভাবিক হয়নি—এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, ‘ভালো থাকা একটি আপেক্ষিক বিষয়, যদি আপনি গত বছরের এই সময়ের সঙ্গে তুলনা করেন, তবে সব ঠিক আছে বলেই মনে হয়।
বাংলাদেশে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতির পেছনে ক্ষমতাচ্যুত সরকারকে দায়ী করে তিনি বলেন, ‘আমি চাই না এসব ঘটনা ঘটুক। আপনাকে বিবেচনা করতে হবে, আমরা কোনো আদর্শ দেশ বা আদর্শ শহর নই যে হঠাৎ আমরা তৈরি করেছি। এটি একটি দেশের ধারাবাহিকতা, যা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, একটি দেশে যা বহু বছর ধরে চলমান।’
