ফিল্মি কায়দায় গাজীপুর আদালত চত্বর থেকে আসামি ছিনতাই
গাজীপুরে আদালত চত্বর থেকে দুই আসামিকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষ ও পুলিশের সামনে এ ঘটনা ঘটে। এ সময় গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের অফিস সহকারী আইয়ুব আলী ও সহকারী মতিউর রহমানসহ বেশ কয়েকজন আহত হন।
অপহৃত আসামিরা হলেন গাজীপুরের শ্রীপুর থানার তেলিহাটি এলাকার আব্দুল মালেকের ছেলে মো. মিলন মিয়া (৩৩) ও তার বড় ভাই বাবুল মিয়া (৪২)।
গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও মামলার আইনজীবী মো. সিরাজুল ইসলাম জানান, শ্রীপুর থানার জমিসংক্রান্ত একটি মারামারির মামলায় ১৩ আসামি আদালত থেকে অস্থায়ী জামিনে ছিলেন। বুধবার আসামিরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (৩) স্থায়ী জামিনের আবেদন করেন।
আসামিরা তার (আইনজীবী) সঙ্গে দেখা করার জন্য অফিসকক্ষের সামনে গেলে মামলার বাদী শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকার মো. শহীদুল্লাহর ছেলে এস এম নাজমুল হকের নেতৃত্ব ৩০-৪০ জন যুবক তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের হাতে দা, চাকু, লাঠিসহ দেশীয় অস্ত্র ছিল বলে জানান আইনজীবী সিরাজুল।
আহত আইনজীবী সহকারী মতিউর রহমান বলেন, হামলা চলাকালে ভয়ে কয়েকজন বিচারপ্রার্থী ও আইনজীবী বারের সাধারণ সম্পাদকের অফিসে আশ্রয় নেন। হামলাকারীরা সেখানে গিয়ে মারধর করতে থাকে। এ সময় তারা কেচি গেট লাগিয়ে দিলে দুই হামলাকারী আটকা পড়ে। কিছুক্ষণ পর তাদের সহযোগীরা দলবদ্ধ হয়ে ফিরে এসে গেট ভেঙে তাদের ছিনিয়ে নিয়ে যায়।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, আদালত চত্বরে ঘটে যাওয়া ঘটনাটি ন্যক্কারজনক।
