রাজধানীতে ১২০০ টাকার জন্য ডেকে নিয়ে যুবককে হত্যা, অতঃপর…
রাজধানীর দক্ষিণখানে মাত্র ১২০০ টাকার জন্য আরিফুল ইসলামকে (২৭) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির দক্ষিণখান থানা পুলিশ। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন আবু বক্কর সিদ্দিক বিজয় (২০), রানা (২৩) ও আমির হোসেন মোল্লা (২০)।
দক্ষিণখান থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী আরিফুল ইসলাম (২৭) উত্তরখান থানাধীন দোরাদিয়া বাজারে একটি এমব্রয়ডারি ফ্যাক্টরিতে কাজ করতেন।
থানা সূত্রে আরো জানা যায়, হত্যাকাণ্ডের পরেই দক্ষিণখান থানা পুলিশের কয়েকটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আবু বক্কর সিদ্দিক বিজয় ও রানাকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে দক্ষিণখানের তালতলার একটি ভাড়া বাসার ছাদ থেকে মামলার প্রধান অভিযুক্ত আমির হোসেন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়। আদালতে তারা হত্যাকাণ্ডে নিজেদের সংশ্লিষ্টতা সম্পর্কে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
