রমজানে ব্যাংকে ৫ ঘণ্টা লেনদেন
আসন্ন রমজান মাসে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। সে হিসেবে রমজানে ব্যাংকে বিরতিহীনভাবে লেনদেন চলবে পাঁচ ঘণ্টা। তবে রমজানে ব্যাংকের অফিসসূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।
সাধারণ সময়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয়।
পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পরে অফিস সময়সূচি পূর্বাস্থায় ফিরে আসবে বলে সার্কুলারে বলা হয়েছে।
