ভাঙ্গায় প্রাইভেটকার-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষ

সিলেটের সময় ডেস্ক :

 

ফরিদপুর ভাঙ্গায় প্রাইভেটকার ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—  মাদারীপুরের টেকেরহাটের বাসিন্দা মাহিন্দ্রা চালক মো: দাউদ (১৮), ভাঙ্গার কাপুড়িয়া সদরদী গ্রামের কাঁচামাল ব্যবসায়ী রশিদ শেখ (৩০) ও ডালিম শিকদার (৩৮)। এদের মধ্যে গুরুতর আহত দাউদকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকি দুইজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আবু ছালেহ ছামি জানান, মাদারীপুরের টেকেরহাট থেকে কাঁচামাল বোঝাই একটি মাহিন্দ্রা ভাঙ্গার দিকে আসছিল। অন্যদিকে ঢাকা থেকে বরিশালগামী একটি প্রাইভেটকার ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রাটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে মাহিন্দ্রার ভেতরে থাকা চালক ও দুই কাঁচামাল ব্যবসায়ী গুরুতর আহত হন। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এদের মধ্যে একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি আরো জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার ও মাহিন্দ্রা জব্দ করা হয়েছে। প্রাইভেটকার চালক পলাতক রয়েছেন।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিভাগের অন্যান্য