পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটের সময় ডেস্ক :
রাজশাহীতে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর হেলেনাবাদ সরকারি কোয়ার্টারের বাসা থেকে তারর মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওই এএসআইর নাম আমিনুল ইসলাম (৩৫)। তিনি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন।
আমিনুল ইসলামের গ্রামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার শিবনগর। বাবা মৃত আজিম উদ্দিন প্রামানিক। হেলেনাবাদ সরকারি কোয়ার্টারে তিনি স্ত্রী এবং ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়েকে নিয়ে থাকতেন।
পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত ৩টার দিকে আমিনুল ইসলামের স্ত্রী থানায় ফোন করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরে ফ্যানের সঙ্গে আমিনুলের গলায় শাড়ি প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পায়। আমিনুল আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘পারিবারিক বিষয়ে স্ত্রীর সঙ্গে আমিনুল ইসলামের মনোমানিল্য ছিল। এর জের ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।’
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, রাত ১১টার দিকে বাইরে থেকে বাসায় ফেরেন আমিনুল। তারপর তিনি আলাদা ঘরে শুয়েছিলেন। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
