শ্রীলংকায় ২০ বছরের অপেক্ষা ঘোচানোর পথে অস্ট্রেলিয়া
খেলাধুলা ডেস্ক ঃ
২ ম্যাচের সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে নূন্যতম প্রতিরোধও গড়ে তুলতে পারেনি শ্রীলংকা। ঘরের মাঠে ইনিংস ব্যবধানে হেরেছে ধনাঞ্জয়া ডি সিলভার দল। সেই তুলনায় দ্বিতীয় টেস্টে কিছুটা ভালো খেলেছে লংকানরা। তবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটিও যে যথেস্ট নয়! তৃতীয় দিন শেষেই জয়ের ঘ্রাণ পাচ্ছে অজিরা।
প্রথম ইনিংসে শ্রীলংকার ২৫৭ রানের জবাবে ৪১৪ রান করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে লংকানরা। তৃতীয় দিন শেষে তাদের রান ৮ উইকেটে ২১১। ২ উইকেট হাতে রেখে লিড ৫৪ রানের। অর্থাৎ, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে হলেও, জয় তুলে নিতে খুব একটা বেগ পাওয়ার কথা নয় স্টিভেন স্মিথের দলের।
গলেতে এই ম্যাচটি জিততে পারলে ২০ বছর পর স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে অস্ট্রেলিয়া। সবশেষ ০০৩-০৪ মৌসুমে এই কীর্তি গড়েছিল অজিরা। সেবার ৩ ম্যাচের টেস্ট সিরিজের সবকয়টিতেই জিতেছিল সফরকারীরা।
৩ উইকেটে ৩৩০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে অস্ট্রেলিয়া। তবে শেষ ৬৪ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। তাতে ৪১৪ রানেই থামে সফরকারীরা। স্মিথ ফিরেছেন ১৩১ রান করে, ক্যারি আউট ১৫৬ রানে। এই দুজনকে ফেরানো প্রবাত জয়াসুরিয়া টেস্ট ক্যারিয়ারে ১১তম বার ৫ উইকেট পেয়েছেন।
৮ উইকেটে ২১১ তুলে দিন শেষ করা লংকানদের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। প্রথম ইনিংসে ৮৫ রানে অপরাজিত থাকা ব্যাটসম্যান দিন শেষে অপরাজিত আছেন ৪৮ রানে। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা সাবেক অধিনায়ক দিমুত করুনারত্নে শেষ ইনিংসে করেছেন ১৪ রান।
এদিন লংকানদের ৮ উইকেটের মধ্যে ৩ উইকেট নেন লায়ন। এর মাধ্যমে টেস্ট ক্যারিয়ারের সাড়ে পাঁচ শ উইকেটের মাইলফলক পার করলেন তিনি। টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি এখন লায়ন। টেস্টে তার চেয়ে বেশি উইকেট নিতে পেরেছেন কেবল ৬ জন। এশিয়ায় একমাত্র বিদেশি বোলার হিসেবেও ১৫০ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন লায়ন।
