ট্রেন চলাচল নিয়ে সর্বশেষ যা জানা গেল
রানিং স্টাফদের কর্মবিরতির কারণে আজ রাত ১২টা পর্যন্ত সব ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, রানিং স্টাফদের কর্মবিরতির কারণে আজ রাত ১২টা পর্যন্ত সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। যাত্রীরা টিকিট দিলে তাদের পুরো টাকা ফেরত দেওয়া হবে।
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রানিং স্টাফরা।
এদিকে রেলপথ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণায়লের ঠেলাঠেলিতে ট্রেনের রানিং স্টাফদের দাবি বাস্তবায়ন হচ্ছে না। অনড় কর্মীরা কর্মবিরতি থেকেও সরছেন না। দফায় দফায় রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের নেতা, রেলের শ্রমিক সংগঠনের নেতা, মন্ত্রণালয় ও রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক হলেও সুরাহা হচ্ছে না।
যেহেতু রেলকর্মীদের দাবির পেছনে বেতন-ভাতা-পেনশন জড়িত তাই রেল মন্ত্রণালয় সিদ্ধান্তের দায় ঠেলে দিচ্ছে অর্থ মন্ত্রণালয়ের দিকে।
