জাতীয়করণ করে শিক্ষকদের ক্লাসে ফিরিয়ে দিন : চরমোনাই পীর

সিলেটের সময় ডেস্ক :

 

আন্দোলনরত ইবতেদায়ী শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়ন করে তাদের ক্লাস রুমে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

‌সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানিয়ে তিনি বলেন, চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া ইবতেদায়ি শিক্ষকদের ওপরে হামলা ও নির্যাতনের নিন্দা-প্রতিবাদ জানাই। আদর্শ দেশ ও জাতি গড়ার কারিগর অধিকার বঞ্চিত ইবতেদায়ী শিক্ষকদের ওপরে পুলিশী হামলা, নির্যাতনের ঘটনা অমানবিক ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ৪০ বছর ধরে অনুদানভুক্ত ও অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকেরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবন যাপন করার পরেও তাদের যৌক্তিক সমস্যা সমাধান না করা দুঃখজনক।

অতীতের সরকারগুলো এগুলো সমাধান না করে আকুন্ঠ দুর্নীতিতে নিয়োজিত থেকে নিজেরা আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমালোচনা করে পীর সাহেব চরমোনাই বলেন, আওয়ামী ফ্যাসিবাদীরা পালিয়ে যাওয়ার পরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গতকাল নারী শিক্ষক ও বয়োজ্যোষ্ঠ শিক্ষকদের ওপর হামলে পড়ে যে নির্যাতন চালিয়েছে, তা দেশবাসীকে হতবাক করেছে। একটি সভ্য দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনভাবে হামলা ও নির্যাতন করতে পারে না।

তিনি বলেন, ইবতেদায়ী শিক্ষকদের ওপর হামলার ঘটনা তদন্ত করে এই জুলুমের সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনা জন দাবীতে পরিণত হয়েছে।

আগামী দিনে যাতে এমন ঘটনার পূনরাবৃত্তি না ঘটে সেজন্য সরকারকে সতর্ক হতে হবে। 
এ বিভাগের অন্যান্য