ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত সমন্বয়ক গ্রেপ্তার
ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত এক সমন্বয়ককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতারণা, চাঁদাবাজি ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার রাত ১১টার দিকে ফেনী শহরের মডেল থানা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওমর ফারুক শুভ ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের জগতজীবনপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে। গত আগস্টে আন্দোলনে শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে জড়িত থাকায় তাঁকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলার সহ-সমন্বয়ক পদ থেকে বহিষ্কার করা হয়।
জানা গেছে, নানা কেলেঙ্কারিতে ফেনী আলিয়া কামিল মাদরাসার সাময়িক বরখাস্ত অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে স্বপদে বহাল রাখার আশ্বাস দিয়ে চাঁদা দাবি করেন শুভ। সেই ঘটনার কল রেকর্ড ফাঁস হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ভাইরাল ওই কল রেকর্ডে তাকে বলতে শোনা যায় আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের ও হামজা মাহবুবের কথা বলে অধ্যক্ষ মাহমুদুল হাসানের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আজিজুর রহমান রিজভীর পক্ষে তাঁর বাবা ছিদ্দিকুর রহমান বাদী হয়ে ওমর ফারুক শুভকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে আজিজুর রহমান রিজভী বলেন, কেন্দ্রীয় সমন্বয়ক, এক উপদেষ্টা ও আমার নাম ভাঙিয়ে সে (শুভ) চাঁদাবাজি করার চেষ্টা করেছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, মামলা করার পর অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। বুধবার আদালতের মাধ্যমে গ্রেপ্তার শুভকে কারাগারে পাঠানো হবে।
