তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর
সিলেটের সময় ডেস্ক :
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকবে। সেই সঙ্গে আবহাওয়াও শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার সঙ্গে রোদের তেজ কম হওয়ায় তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া বার্তায় বলা হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আবহাওয়া বার্তায় আরও বলা হয়, এই অবস্থায় আগামী ৭২ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টায় ও শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া বার্তায় জানা যায়, এই সময়ের মধ্যে বুধ ও বৃহস্পতিবার সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আর এদিকে আগামী শুক্রবার, ১৩ ডিসেম্বর সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
