লালবাগ থেকে অপহৃত শিশু মোহাম্মদপুরে উদ্ধার, গ্রেপ্তার ১
রাজধানীর লালবাগ থেকে ডাকাতির পর অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় জড়িত অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে র্যাব। এ ঘটনার বিস্তারিত তথ্য দুপুর ১২টার দিকে সাংবাদিকদের জানাবেন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
জানা যায়, ডাকাতি হওয়া বাসার গৃহকর্ত্রী ফারজানা আখতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে কর্মরত।
বৃহস্পতিবার রাতে তিনি বাসায় ওঠেন। গতকাল শুক্রবার সকালে ফারজানাকে সাবলেটে থাকা তরুণী জানান, তাঁর ভাই আসবেন।
এ সময় ফারজানার স্বামীও বাসায় ছিলেন। দুই আগন্তুক বাসায় ঢুকেই ফারজানাকে ধাক্কা দিয়ে তাঁর স্বামী যে কক্ষে রয়েছেন, সেটিতে ফেলে বাইরে থেকে দরজা আটকিয়ে দেন। তারপর ওই তরুণীসহ তাঁরা তিনজন বাসা তছনছ করে তিন-চার ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা নিয়ে যান।
গতকাল দুপুরে ঘটনাটি জানাজানি হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা ফারজানার বাসায় গিয়ে তাঁকে সান্ত্বনা জানান। পুলিশও যায় ওই বাসায়।
এক পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতির পরিকল্পনার অংশ হিসেবেই ওই তরুণী বাসায় সাবলেটে ওঠেন। তিনি গৃহকর্ত্রীর কাছ থেকে কোথায় কী আছে তা কৌশলে জেনে নেন। কিন্তু শিশুকে কেন নিয়ে গেল সেই উত্তর পাওয়া যাচ্ছে না। ওই তরুণীকে খুব অল্প সময়ের মধ্যেই আটক করতে পারবে বলে পুলিশ আশাবাদী।
