বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ৫ নেতাকে কোপাল কিশোর গ্যাং
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকায় দাবিকৃত চাঁদা না পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ পাঁচজনকে কুপিয়ে মারাত্মক আহত করেছে এলাকায় চিহিৃত কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার রাতে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রতক্ষ্যদর্শী ও এলাকাবাসী জানান, রসূলবাগ এলাকার আনমুন প্যাকেজিং নামে একটি কারখানার মালামাল বিক্রি করে গাড়িতে লোড করার সময় রসুলবাগ এলাকার রিয়াজ উদ্দিন, স্বপন মিয়া ও গিয়াস উদ্দিন পাঁচলাখ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা দাবির সংবাদ পেয়ে আকবর হোসেন সন্ধ্যায় কয়েকজন নেতাকর্মী নিয়ে রসূলবাগ এলাকায় আসলে রিয়াজ উদ্দিন ও গিয়াস উদ্দিনের নেতৃত্বে কিশোর গ্যাং নেতা স্বপন মিয়া, আনিস মিয়াসহ ৫০/৬০জন রামদা, চাপাতি, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে সাইনবোর্ড প্রো-এ্যাকটিভ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন ও রুদ্র মিয়ার অবস্থা আশঙ্কাজনক।
আহত মনোয়ার হোসেন মনা জানান, সন্ত্রাসীরা আমাদের নেতা আকবরসহ আমাদের হত্যা করতেই এই আক্রমন করেছে।
এ বিষয়ে রিয়াজ মিয়া, স্বপন মিয়া ও গিয়াস উদ্দিনের সাথে মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন জানান, হামলার ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছি। খুব শিগ্রই আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
