ভয়াবহ রূপ নিয়েছে হারিকেন ‘মিল্টন’
হারিকেন হেলেনের তাণ্ডবে বিপর্যয় পুরোপুরি কাটানোর আগেই আরেকটি ঘূর্ণিঝড় যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে যাচ্ছে। বিপজ্জনক এই ঘূর্ণিঝড়ের নাম ‘মিল্টন’। বর্তমানে এটি মেক্সিকো উপকূলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হিসেবে অবস্থান করছে। চলতি সপ্তাহের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উপকূলে আঘাত হানার সময় বড় হারিকেনে পরিণত হতে পারে এটি।
প্রতিবেদনে বলা হয়েছে, আগের চেয়ে ভয়ংকর রূপ নিয়ে এটি এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে অগ্রসর হচ্ছে।
এর আগে মায়ামির ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘মিল্টন’ রবিবার ভোরে ফ্লোরিডার টাম্পা থেকে প্রায় এক হাজার ৩৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, ‘মিল্টন’ ঠিক কোথায় আঘাত হানবে তা জানা না থাকলেও এটি স্পষ্ট যে এটি ফ্লোরিডায় কঠোরভাবে আঘাত হানবে। তিনি এক সতর্কবার্তায় বলেন, লোকজনকে সরিয়ে নেওয়ার সময় দ্রুত ফুরিয়ে আসছে। সোমবার (০৭ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের ধরে নিতে হবে এটি একটি দানব হতে চলেছে।
সূত্র : এএফপি, বিবিসি
