সাবেক ডিসি মশিউরের ১০ দিনের রিমান্ড আবেদন
সিলেটের সময় ডেস্ক :
রাজধানীর ধানমন্ডির জিগাতলায় এলাকায় বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে কিশোর আবদুল মোতালিব গুলিতে মুত্যুর হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার মশিউর রহমানের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক নজরুল ইসলাম এ রিমান্ড আবেদন করেছেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে তার উপস্থিতিতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে।
গত ১৯ সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে মশিউর রহমানকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা কিশোর আবদুল মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। গত ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়।
