মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৩ পোশাক শ্রমিক নিহত

সিলেটের সময় ডেস্ক :

 

মানিকগঞ্জের শিবালয়ে বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিন পোশাক শ্রমিক নিহত ও ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার বোয়ালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবালয় উপজেলার সমেজঘর তেওতা এলাকার বাতেনের স্ত্রী পোশাক শ্রমিক ফুলি (৩৩), বিথি (৩৪) ও সাব্বির হোসেনের স্ত্রী সাবিনা (২০)।  এদের মধ্যে ফুলি ও বিথি ঘটনাস্থলে মারা যান। অন্যদিকে হাসপাতালে নেওয়ার পর মারা যান সাবিনা।

বরংগাইল হাইওয়ে থানার ওসি মো. ইব্রাহিম হোসেন জানান, উপজেলার বোয়ালী ব্রিজ এলাকায় মানিকগঞ্জের নয়াডিঙ্গি এলাকায় অবস্থিত তারাসীমা কারখানার পোশাক শ্রমিকদের একটি বহনকারী বাস ও আরিচাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় ও ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে শিবালয় উপজেলার সমেজঘর তেওতা এলাকার বাতেনের স্ত্রী পোশাক কর্মী ফুলি (৩৩) ও বিথি (৩৪) নিহত হয় এবং শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সাব্বির হোসেনের স্ত্রী সাবিনা (২০) নিহত হন।

তিনি আরও জানান, এ ঘটনায় আরও অন্তত ১০ পোশাক শ্রমিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য