চীনের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় খুলতে চান ড. ইউনূস
বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে চীনের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে চীন। একইসঙ্গে বাংলাদেশে সোলার প্যানেলে বিনিয়োগ এবং ঢাকার সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করতে আগ্রহী দেশটি। অন্যদিকে, চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের উপর জোর দিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ‘নতুন একটি অধ্যায়’ খুলতে চাই।
চীনের পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ইউনূসকে “চীনা জনগণের পুরানো বন্ধু” হিসাবে বর্ণনা করেছেন এবং তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, “আমাদের আপনার উপর পূর্ণ আস্থা আছে।
ওয়াং ই বলেন, বাংলাদেশে প্ল্যান্ট স্থাপনের জন্য চীনা সোলার প্যানেল নির্মাতাদের ড. ইউনূসের আহ্বানকে চীন গুরুত্ব দেবে। গত মাসে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।
চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেইজিং দুই দেশের কোম্পানির মধ্যে বৃহত্তর সহযোগিতা ও অংশীদারিত্বকে উৎসাহিত করবে।
তিনি বলেন, চাইনিজ রেড ক্রস জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় গুরুতর আহত ছাত্র ও মানুষদের চিকিৎসার জন্য চিকিৎসকদের একটি দল পাঠিয়েছে। ওয়াং ই আরো বলেন, চীন বাংলাদেশ থেকে আরো বেশি শিক্ষার্থীকে স্বাগত জানাবে।
ড. মুহাম্মদ ইউনূস চীনের এমন অবস্থানের জন্য ধন্যবাদ জানান। একইসঙ্গে কয়েক মিলিয়ন মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার জন্য “আশ্চর্যজনক” চীনা প্রচেষ্টারও প্রশংসা করেছেন।
ড. ইউনূস চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং দুই দেশের মধ্যে সম্পর্কের “একটি নতুন অধ্যায়” খোলার উপর জোর দেন। তিনি উভয় দেশের কম্পানির মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোরও আহ্বান জানান। তিনি বলেন, “আমরা চাইনিজ কম্পানিগুলির সঙ্গে সহযোগিতা করতে পছন্দ করব। আমাদের একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে।
