বৃষ্টি কমে এসেছে, তাপমাত্রা বাড়তে পারে
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি এবং অতি ভারি বর্ষণ হতে পারে।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। শুক্রবার রাত থেকে শুরু হয় এ বৃষ্টি। শনি ও রবিবার রাজধানীতে দিনভর বৃষ্টি হয়। রবিবার সকাল থেকে রাত পর্যন্ত কখনো হালকা, কখনো মাঝারি আবার কখনো মুষলধারে বৃষ্টির সঙ্গে ছিল বাতাস।
সোমবারও সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, স্থল গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন ঝাড়খন্ড এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, স্থল গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
সোমবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১ মিনিটে এবং আগামীকাল (মঙ্গলবার) সূর্যোদয় ভোর ৫টা ৪৬মিনিটে।
