৪৪০ কেজি ইলিশ পাচার হচ্ছিল ভারতে, জব্দ করল বিজিবি
অবৈধভাবে ভারতে পাচারের সময় কুমিল্লায় ৪৪০ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছ বিজিবির কুমিল্লা সেক্টরের ৬০ ব্যাটালিয়ান।
এর আগে, গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার মনোরা নামক স্থান থেকে ইলিশগুলো জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে শশীদল এলাকার সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবির ৬০ ব্যাটালিয়ানের একটি টহল দল।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জব্দের পর বিজিবির নিয়ম অনুযায়ী ইলিশগুলো নিলামের মাধ্যমে ৯ লাখ ৬৮ হাজার টাকায় বিক্রি করে সে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
