কাপ্তাই হ্রদের পানি কমাতে বাঁধের জলকপাট খোলা হলো ৪ ফুট
উজান থেকে অব্যাহত পাহাড়ি ঢল এবং রাঙামাটিতে বৃষ্টিপাতের কারণে আবারও বৃদ্ধি পেয়েছে কাপ্তাই হ্রদের পানি। এতে বিপৎসীমায় পৌঁছেছে হ্রদের পানির স্তর। পানি কমাতে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট সাড়ে তিন ফুট করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৭৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে।
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের বলেন, পানি বৃদ্ধি পাওয়ায় চার ফুট করে গেইট খুলে দেওয়া হয়েছে।
এদিকে হ্রদের পানির স্তর আবারও বেড়ে যাওয়ায় গত দুই সপ্তাহ ধরে দুর্ভোগে রয়েছে হ্রদের নিম্নাঞ্চল।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, জেলায় পানিবন্দি মানুষের জন্য ৯২ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে।
এর আগে ২৫ আগস্ট সকালে ৬ ইঞ্চি করে খোলা হয় বাঁধের ১৬টি জলকপাট, যা দিয়ে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নির্গত হচ্ছিলো। ছয় ঘণ্টা খোলা রাখার পর সেদিন দুপুরে বন্ধ করা হয় জলকপাটগুলো। পরে রাতে আবার খুলে দেওয়া হয়। সেই থেকে ৬ ইঞ্চির পর ক্রমাগত বাড়ানো হয় গেটের খুলে দেয়ার উচ্চতা, যা সোমবার বিকেলে ৪ ফুট উচ্চতায় এসে ঠেকেছে।
