আজ ঢাকায় আসবে জাতিসংঘের তদন্তদল
ছাত্র-জনতার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার তদন্তের জন্য আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) জাতিসংঘ কারিগরি বিশেষজ্ঞ দল ঢাকায় আসবে। দলটি প্রাথমিকভাবে তথ্যানুসন্ধানের কাজ করবে।
এর আগে গতকাল বুধবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাতিসংঘের জেনেভা মিশন থেকে তিন সদস্যের প্রতিনিধিদল বৃহস্পতিবার ঢাকায় আসছে। কারিগরি বিশেষজ্ঞ দলের সফরের পর পরবর্তীতে ঢাকায় আসবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এর আগেও জানিয়েছিলেন, আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তের স্বার্থে জাতিসংঘকে সহায়তা করতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার।
ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস জানিয়েছেন, জাতিসংঘের কারিগরি বিশেষজ্ঞ দল এসে প্রাথমিক তদন্তের কাজ করবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৬৩০ জনেরও বেশি ছাত্র-জনতা মারা গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এসব লোক নিহত হওয়ার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করবে জাতিসংঘ।
