ভারতেই থাকবেন শেখ হাসিনা
ছাত্র-জনতার বিক্ষোভে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে অবস্থান নিয়েছেন শেখ হাসিনা। শুরুতেই ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল, তিনি (শেখ হাসিনা) তার গন্তব্য নির্ধারণ করবেন।
তবে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের সহযোগী সংস্থা নিউজ-১৮ আজ শুক্রবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতেই থাকছেন শেখ হাসিনা। তবে দেশটিতে শরণার্থী বা সাহায্যপ্রার্থীর আইন না থাকায় তিনি ভারতের ভিসা ব্যবহার করে ভারতে অবস্থান করবেন।
নিউজ-১৮ এ ব্যাপারে বলেছে, ‘শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে আমরা আমাদের সূত্রের মাধ্যমে জানতে পেরেছি—মনে রাখবেন এটি সিএনএন নিউজ-১৮ এর এক্সক্লুসিভ—বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দীর্ঘ সময়ের জন্য অবস্থান করতে যাচ্ছেন। এর আগে জানানো হয়েছিল শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন।’
সরকারি সূত্রের বরাত সংবাদ সংবাদ মাধ্যমটি জানায়, “বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপদে কোনো দেশে চলে যাওয়ার বিষয়টি এখনই কার্যকর হচ্ছে না। আমাদের আশ্রয় বা শরণার্থী আইন নেই এবং আমরা কেস-টু-কেস ভিত্তিতে থাকার অনুমতি দিই…তার থাকার ভিসা হবে।
ভারত সরকার সর্বদলীয় বৈঠকে বলেছে, তারা এই প্রবীণ রাজনীতিবিদকে তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দিয়েছে। সূত্র জানিয়েছে, শেখ হাসিনা শোকাচ্ছন্ন অবস্থায় রয়েছেন এবং সরকার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার আগে তাকে সুস্থ হওয়ার জন্য সময় দিচ্ছে।
নয়াদিল্লিও এখানে একটি কূটনৈতিক দ্বিধার সম্মুখীন হচ্ছে। তারা ক্ষমতাচ্যুত নেত্রীকে প্রকাশ্যে সমর্থন দিতে চায় না। কারণ এতে বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে তাদের সম্পর্ক জটিল করতে পারে। বাংলাদেশ ভূ-রাজনৈতিকভাবে ভারতের কৌশলগত অংশীদার। একই সময় শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্কের ইতিহাসও মাথায় রাখতে হবে।
