স্বাভাবিক হতে শুরু করেছে সিলেটের জনজীবন, আছে চাপা আতঙ্কে
সিলেটের সময় ডেস্ক :
স্বাভাবিক হতে শুরু করেছে সিলেটের জনজীবন। গণঅভ্যুত্থানের পর মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে মহানগরের বিভিন্ন স্থানে মানুষ ও যানবাহনের চলাচল দেখা যায়। তবে হাতেগুনা কিছু দোকানপাট খুললেও বন্ধ রয়েছে বড় বড় মার্কেট ও শপিং মলগুলো। তবে অনেকের মনেই রয়েছে চাপা আতঙ্ক।
সিলেটের বিভিন্ন সড়কে আধিক্য ছিল রিকশা-সিএনজি আর ব্যক্তিগত বাহনের। রাস্তায় যানবাহনের পরিমাণ কম থাকায় অনেকেই পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। তবে সোমবার শেখ হাসিনার পদত্যাগ আর সহিংসতার ঘটনার ছাপ দেখা গেছে মহানগরের নানাস্থানে। এ কারণে সড়কে বের হওয়া নাগরিকদের মধ্যে আতঙ্কের ছাপ দেখা যায়। তবে আজ সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় মানুষের মধ্য থেকে আতঙ্ক কিছুটা করে কাটতে শুরু করেছে।
এদিকে, আজ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা থাকলেও শিক্ষা কার্যক্রম সেভাবে শুরু হয়নি কোথাও। শিক্ষার্থীশূন্য বেশিরভাগ ক্লাসরুম। বিদ্যালয় প্রাঙ্গনও ফাঁকা। তবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ফিরতে শুরু করেছেন। এছাড়া অফিস আদালত খুললেও উপস্থিতি কম দেখা গেছে।
এর আগে গণঅভ্যুত্থানের পর নগরের বিভিন্ন এলাকায় বিজয় উল্লাস করে সাধারণ মানুষ। এসময় নগরে বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকটি পুলিশ বক্স সহ থানা ভাঙচুর করা হয়।
