বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
মৌলভীবাজারের জুড়ী উপজেলার বসতঘরের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে একজন।
মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে জুড়ী উপজেলার পূর্ব গোয়াল বাড়ি ইউনিয়নের পূর্ব গোয়াল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফজরের নামাজের সময় গোয়ালবাড়ি এলাকায় ফয়জুর রহমানের বসতঘরের পাশে থাকা পল্লীবিদ্যুৎতের একটি মেইন লাইন খুঁটি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তার ছিঁড়ে যাওয়া মেইন লাইন ফয়জুর রহমানের টিনের ঘরসহ আশপাশ এলাকায় পড়ে স্ফুলিঙ্গের মতো জ্বলতে থাকে।
এদিকে গুরুত্বর আহত সোনিয়াকে (৬) উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর অবস্থাও আশংকাজনক।
জুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজন মারা গেছেন। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাঁদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
