ভারত সাগরে জিম্মি বাংলাদেশি ২৩ নাবিক

সিলেটের সময় ডেস্ক :

 

ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুরা বাংলাদেশি একটি জাহাজকে দখলে নিয়েছে। ওই জাহাজটির নাম এমভি আবদুল্লাহ। এতে ২৩ জন বাংলাদেশি নাবিক ছিলেন। জাহাজটি আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে জাহাজটি সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। পরে প্রায় শতাধিক জলদস্যু জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। এ সময় ২৩ বাংলাদেশি নাবিককে কেবিনে আটকে ফেলা হয় বলে সূত্র জানায়।

এস আর শিপিংয়ের অধীনে পরিচালিত জাহাজটিকে পরে জলদস্যুরা সোমালিয়া উপকূলের দিকে নিয়ে যায় বলে জানিয়েছেন এক নাবিক।

 

জাহাজটি সোমালিয়ান জলদস্যুদের দখলে যাওয়ার বিষয়টি জানতে চাইলে শিপিং কম্পানির মিডিয়া পরামর্শক মিজানুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, জাহাজে ক্যাপ্টেনসহ ২৩ জন নাবিক ছিলেন। আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লাবাহী জাহাজটি এম.ভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাত যাচ্ছিল। মোজাম্বিক থেকে দক্ষিণ পূর্ব আফ্রিকার দ্বীপরাস্ট্র মাদাগাস্কার অতিক্রম করার সময় সোমালিয়ান জলদস্যুরা জাহাজটির দখল নিয়ে নেয়। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

এখনো যোগাযোগ সম্ভব হয়নি। জিন্মি হওয়া নাবিকরা সুস্থ রয়েছেন বলে জানা গেছে। 

ওই কর্মকর্তা আরো বলেন, এর আগে ২০১০ সালের ডিসেম্বরে এম.ভি জাহানমনি নামের আরেকটি পণ্যবাহী জাহাজ জলদস্যুদের কবলে পড়েছিল। পরবর্তীতে জলদস্যুদের মুক্তিপণ দিয়ে নাবিকদের উদ্ধার করা হয়েছিল।

এ বিভাগের অন্যান্য