১২ মার্চ চালু হচ্ছে নতুন ট্রেন বুড়িমারী এক্সপ্রেস
রাজধানী থেকে লালমনিরহাটের বুড়িমারী রুটে নতুন একটি ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। বুড়িমারী এক্সপ্রেস নামের এ ট্রেন চলাচল শুরু করবে মঙ্গলবার (১২ মার্চ) থেকে।
শনিবার (৯ মার্চ) রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের পরিচালন ও উন্নয়ন বিষয়ক এক কর্মশালায় এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক কামরুল আহসান। রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের সঙ্গে যৌথভাবে এ কর্মশালা আয়োজন করে ঢাকায় কর্মরত সড়ক, রেল ও যোগাযোগ অবকাঠামো বিষয় নিয়ে কাজ করা গণমাধ্যম কর্মীদের সংগঠন রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড (আরআরআর)।
কর্মশালায় বুড়িমারী এক্সপ্রেস ছাড়াও চলতি বছরের জুনের মধ্যে ঢাকা-কক্সবাজার রুটে আরো তিনটি ট্রেন চালু করার কথা জানান রেলওয়ের মহাপরিচালক। তিনি বলেন, চলতি বছরের জুনের মধ্যে ঢাকা-কক্সবাজার রুটে আরো তিন জোড়া আন্তনগর ট্রেন ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে কমিউটার ট্রেন চালু করা হবে। এ ছাড়া ঢাকা থেকে নরসিংদী এবং ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত কমিউটার ট্রেন দ্রুততম সময়ের মধ্যে চালু করা হবে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম বলেন, ‘আমরা রেলে যাত্রী সেবার মান বাড়ানোর চেষ্টা করছি।
বিশেষ অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীর বলেন, ‘বাংলাদেশ রেলওয়েতে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এটা সত্য।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম।
