কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র সূচনা
কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন ডা. তাহসীন বাহার সূচনা। শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে উপনির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।
শনিবার (৯ মার্চ) সকাল ৮টায় নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোট শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলে।
রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফলে দেখা যায়, তাহসীন বাহার সূচনা বাস প্রতীক নিয়ে ১০৫টি কেন্দ্রে পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। এ নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমিল্লা সিটির সাবেক দুইবারের মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কু টেবিলঘড়ি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট।
এ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে ভোটের মাঠে থাকা কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট আর হাতি প্রতীকের প্রার্থী কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ফলাফল ঘোষণাস্থলে আসেন ডা.তাসছিন বাহার সূচনা। এ সময় তিনি বলেন, ‘আমি কুমিল্লার উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করতে চাই। দীর্ঘদিন ধরে কুমিল্লা নগরী অনেক পিছিয়ে অব্যবস্থাপনা আর দুর্নীতির কারণে। আমি পরিকল্পনা নিয়ে কুমিল্লাকে এগিয়ে নিতে চাই।
মেয়রের চেয়ারে বসার পর প্রথম কোন কাজটাকে গুরুত্ব দেবেন জানতে চাইলে তাহসীন বাহার সূচনা বলেন, ‘আসলে আমাদের কুমিল্লা ২০১১ সালে সিটি করপোরেশন হলেও আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে, যে নাগরিক সুবিধাগুলো আছে, সেগুলো থেকে বঞ্চিত। অবশ্যই কিছু স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সবগুলো সমস্যার সমাধান করতে হবে।’
তিনি বলেন, ‘প্রচারণার সময় আমি যেখানে গেছি সেখানেই দেখছি যে- মানুষ সবচেয়ে বড় সমস্যার কথা বলে জলাবদ্ধতা।
প্রসঙ্গত, সবশেষ ২০২২ সালের ১৫ জুন অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) তৃতীয় নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। গত বছরের ১৩ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে ১৮ ডিসেম্বর মেয়রের পদ শূন্য হয়। উদ্ভূত পরিস্থিতিতে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। গত ২২ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
