চাঁপাইনবাবগঞ্জে ভুয়া সচিব গ্রেপ্তার

সিলেটের সময় ডেস্ক :

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সচিব/সহকারী সচিব পরিচয়দানকারী ইসমাইল হোসেন (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মধ্যবাজার থেকে ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার করা হয় তাকে।

গ্রেপ্তার ইসমাইল হোসেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বেনীপুরের মর্জিনা বেগম ও তরিকুল ইসলামের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল গণমাধ্যমকে ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখা জানায়, গ্রেপ্তার আসামি মোবাইল ফোনে দুটি অ্যাপসের মাধ্যমে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব/সহকারী সচিব পরিচয় দিয়ে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপারের সরকারি নম্বরসহ অন্যান্য সরকারি নম্বরে ফোন করে প্রতারণা করে আসছিল। নিজের পরিচয় গোপন করার জন্য সে বিটিসিএল ও আলাপ নামে দুটি অ্যাপসের আইপি নম্বর ব্যবহার করে। চলমান পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষায় কনস্টেবল পদে তার ছোট ভাইসহ অন্যান্য প্রার্থীকে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার জন্য বিভিন্ন সময়ে একাধিকবার তদবির করতে থাকেন।

এরই প্রেক্ষিতে জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসানের নির্দেশনায় ডিবি ওসি মো. শহিদুল ইসলামের তত্ত্বাবধানে ও এসআই আসগর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে প্রতারক ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি জিডি করা হয়। পরবর্তীতে গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে নাচোল থেকে ইসমাইলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি পুলিশ। এ সময় একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য