হবিগঞ্জে বস্তাবন্দী সেই মরদেহটি ছাত্রদল নেতা সাইফুলের
সিলেটের সময় ডেস্ক :
হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া করাঙ্গী নদী থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দী সেই মরদেহের পরিচয় মিলেছে। মরদেহটি জেলার বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের। সাইফুল সাতকাপন ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে।
রবিবার পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।
হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন জানান, সাইফুল ইসলাম বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।
স্বজনরা জানায়, গত ৫ দিন আগে বাড়ি থেকে বের হয় সাইফুল।
এর পর থেকে সে আর বাড়ি ফিরেনি। ৬ মাস পূর্বে তিনি হবিগঞ্জ শহরতলীর উমেদনগর গ্রামে বিয়ে করেন।
