বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় মির্জা ফখরুলের শোক
সিলেটের সময় ডেস্ক :
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।
শোকবার্তায় ফখরুল বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় রাজধানীর বেইলি রোডস্থ একটি বহুতল ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৬ জনের নির্মম মৃত্যু এবং এখনো হাসপাতালের বিছানায় আগুনে দগ্ধ মানুষের আহাজারি অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন। দেশে আইনের শাসন না থাকলে দুর্ঘটনা ও বিপর্যয় ঘটতেই থাকে। কারণ, সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না। ফলে জনসমাজে নৈরাজ্য বিরাজ করে বলেই নানা দুর্ঘটনা ঘটে ও মানুষের প্রাণ ঝরে যায়।
‘গতরাতে বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি— শোকার্ত পরিবারগুলো যেন তাদের স্বজন হারানোর বেদনা কাটিয়ে উঠতে ধৈর্য ধারণ করতে পারেন।’
বিএনপি মহাসচিব অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি অগ্নিদগ্ধদের আশু সুস্থতা কামনা করেন।
