ইসরায়েলি দূতাবাসের সামনে গায়ে আগুন দেওয়া ব্যক্তি মার্কিন বিমানবাহিনীর সদস্য
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের সামনে এক ব্যক্তি নিজের গায়ে নিজেই আগুন ধরিয়ে দেন বলে জানিয়েছে মার্কিন জরুরি পরিষেবা। স্থানীয় সময় রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় এ ঘটনা ঘটে। এদিকে ঘটনাটি যিনি ঘটিয়েছেন তিনি বিমানবাহিনীর একজন সদস্য বলে জানা গেছে।
মার্কিন বিমানবাহিনীর একজন মুখপাত্র রোজ এম রিলি একটি ই-মেইলের মাধ্যমে নিশ্চিত করে বলেছেন, ‘আজকের এ ঘটনার সঙ্গে একজন দায়িত্বরত মার্কিন বিমানবাহিনীর সদস্য জড়িত ছিলেন।
এক বিবৃতিতে মার্কিন পুলিশ জানিয়েছে, ইন্টারন্যাশনাল ড্রাইভের এনডাব্লিউয়ের ৩৫০০ নম্বর ব্লকে স্থানীয় সময় রবিবার (২৫ ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর ১টায় ঘটনাটি ঘটে। ব্লকের একটি দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে। এরপর কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
দূতাবাসের একজন মুখপাত্র নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, এ ঘটনায় দূতাবাসের কোনো কর্মী আহত হননি। এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই ব্যক্তিকে দূতাবাসের কর্মীরা চিনতেন না। মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলি কূটনৈতিক মিশনের সামনে কেউ আত্মহননের ঘটনা এই প্রথম নয়। গত ডিসেম্বরেও মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় ইসরায়েলি কনস্যুলেটের সামনে এক বিক্ষোভকারী নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। ঘটনাস্থল থেকে পরে একটি ফিলিস্তিনি পতাকা উদ্ধার করা হয়।
