আ. লীগ নেতার বাড়িতে গুলি, শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

সিলেটের সময় ডেস্ক :

 

গাজীপুরের শ্রীপুরে অস্ত্র ও মাদকসহ উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি মো. রফিকুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়িতে গুলির ঘটনায় তাকে আটক করা হলে, তিনি থানা থেকে পালিয়ে আত্মগোপনে ছিলেন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রাম থেকে রফিকুলকে গ্রেপ্তার করা হয়। তিনি শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভাংনাহাটি গ্রামের বাসিন্দা।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত কবির বলেন, রফিকুল ইসলাম পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বরমী ইউনিয়নের বরামা গ্রামের খলিফা বাড়ি মোড় থেকে তাকে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল এবং ১০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামানন জানান, আটক শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আজ শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত ৬ ফেব্রুয়ারি রাতে শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূরে আলম মোল্লার বাড়িতে গুলি বর্ষণ করে অজ্ঞাত অস্ত্রধারীরা। এ ঘটনায় ওই দিন নূরে আলম মোল্লা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রফিকুলকে আটক করেছিল পুলিশ। গত ৮ ফেব্রুয়ারি থানা থেকে তিনি পালিয়ে আত্মগোপনে ছিলেন। গতকাল শুক্রবার রাতে পুলিশ ফের তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করে।

উল্লেখ্য, থানা থেকে রফিকুলের পালানোর বিষয়ে বিস্তারিত জানায়নি শ্রীপুর থানা পুলিশ।

এ বিভাগের অন্যান্য