মামলার অগ্রগতির তথ্য চেয়ে মানবাধিকার কমিশনের চিঠি
গত ১১ ফেব্রুয়ারি আমাদের সময় পত্রিকায় ‘সাংবাদিকের বাসায় শিশু গৃহকর্মী প্রীতি ওরাং হত্যার ন্যায্য বিচার চাই’ শিরোনামে প্রকাশিত সংবাদসহ একই বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ মামলার অগ্রগতির তথ্য চেয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি দিয়েছে মানবাধিকার কমিশন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কমিশনের উপপরিচালক ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রীতির মৃত্যুর ঘটনার প্রতিবেদন পর্যালোচনায় জানা যায়, রাজধানীতে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় গৃহপরিচারিকা চা শ্রমিকের কন্যা প্রীতি ওরাং নামক এক শিশুর মৃত্যু হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃতপক্ষে সেদিন কী ঘটেছিল তা অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা উচিত বলে কমিশন মনে করে। এরই প্রেক্ষাপটে গৃহকর্মী প্রীতি ওরাংয়ের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে কমিশনকে অবহিত করতে ঢাকার পুলিশ কমিশনার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশকে বলা হয়। এ আদেশের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর প্রেরণ করা হয়েছে।
