জমির জন্য বড় ভাইকে খুন

সিলেটের সময় ডেস্ক :

 

জমিসংক্রান্ত বিরোধের জেরে জেলার করিমগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আবদুল হাই খুন হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে করিমগঞ্জ উপজেলার শিমুলতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাই (৬০) করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোণা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাঝিরকোণা গ্রামের আব্দুল হাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল তারই ছোট ভাই আব্দুর রশিদের। একপর্যায়ে আব্দুল হাই বাড়ি ছেড়ে ঢাকায় গিয়ে ব্যবসা শুরু করেন। কয়েক দিন আগে তিনি বাড়িতে ফিরে আসেন।

বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী শিমুলতলা বাজারে যান আব্দুল হাই। সেখানে চা স্টলে চুটিয়ে আড্ডা দিয়ে ফেরার সময় ছোট ভাই আব্দুর রশিদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে আগে থেকে প্রস্তুত ছোট ভাই আব্দুর রশিদ হঠাৎ ছুরিকাঘাত করেন বড় ভাই আব্দুল হাইকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বড় ভাই আবদুল হাইয়ের।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন ওসি।

এ বিভাগের অন্যান্য