ক্যালিফোর্নিয়ার মরুভূমি থেকে ৬ মৃতদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মোজেভ মরুভূমির দুর্গম এলাকা থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর পুলিশ পাঁচ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। গুলিবিদ্ধ অপর এক ব্যক্তি ৯১১-এ ফোন করে জানালে, পুলিশ এসে মৃতদেহগুলো উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে একটি হেলিকপ্টার পাঠিয়েছে।
পুলিশের একজন কর্মকর্তা মাইকেল ওয়ারিক সোমবার সাংবাদিকদের বলেন, নিহতদের মধ্যে চারজনের শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। চারজনের মৃতদেহ কাছাকাছি স্থান থেকেই পাওয়া যায় এবং অল্প দূরেই বাকি লাশগুলো পাওয়া যায়। তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাঁজা নিয়ে বিরোধের কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।’
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ বলেছে, ‘তদন্তকারীরা বলেছেন, ভুক্তভোগীরা গাঁজা লেনদেনের জন্য ওই স্থানে দেখা করতে গিয়েছিলেন।
সূত্র : বিবিসি
