দীপু সানার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট

সিলেটের সময় ডেস্ক :

 

রাজধানীর মৌচাকে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে ব্যাংক কর্মকর্তা দীপু সানার মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সেই সঙ্গে দীপু সানার মৃত্যুর কারণ খুঁজে বের করে প্রকৃত দায়ীদের শাস্তি নিশ্চিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন অনুসন্ধান কমিটি গঠনের অন্তর্বর্তী নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। অনুসন্ধান কমিটিতে অন্তত একজন বিচারিক কর্মকর্তাকে রাখতে আরজি জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাফা মোশাররফ হোসেন গতকাল বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন।

আজ বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লার হাইকোর্ট বেঞ্চে রিটটি উপস্থাপন করা হয়। আগামী সপ্তাহে রিটটির শুনানি হতে পারে বলে কালের কণ্ঠকে জানান রিট আবেদনকারী এই আইনজীবী। 

সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্রসচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকার জেলা প্রশাসক ও ঢাকা মহানগর পুলিশের কমিশনারকে বিবাদী করা হয়েছে রিটে।

নির্দেশনা চাওয়ার পাশাপাশি ঢাকা শহরের সাধারণ নাগরিকের জন্য নিরাপদ ও সুরক্ষিত ফুটপাথ নিশ্চিত করতে বিবাদীদের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে রিটে রুল জারির আরজি জানানো হয়েছে।

সেই সঙ্গে দীপু সানার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে প্রশ্নেও রুল চাওয়া হয়েছে রিটে। 

আদালত রুল জারি করলে, সে রুল বিচারাধীন থাকা অবস্থায় দীপু সানার পরিবারকে ৫০ লাখ টাকার নিচে নয় এমন উল্লেখযোগ্য পরিমাণ টাকার অন্তর্বর্তী ক্ষতিপূরণ দিতেও রিটে আরজি জানানো হয়েছে।

খুলনার মেয়ে দীপু সানা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখার সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। গত ১০ জানুয়ারি বিকেলে কর্মস্থল থেকে অফিসের বাসে রওনা দিয়ে শান্তিনগরে নামেন তিনি।

এরপর হেঁটে মগবাজারের গাবতলার বাসায় ফিরছিলেন। মৌচাক ফ্লাইওভারের নিচের ফুটপাত দিয়ে হেঁটে চলার সময় ফখরুদ্দীন রেস্টুরেন্টের পাশে নির্মাণাধীন একটি ভবন থেকে তাঁর মাথার ওপর ইট পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

দীপুর মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা করেন তাঁর স্বামী তরুণ কুমার বিশ্বাস। মামলাটি রমনা থানার পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ছায়া তদন্ত করছে।

তবে কোথা থেকে কিভাবে ইট বা কংক্রিটের ব্লক দীপু সানার মাথায় পড়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
এ বিভাগের অন্যান্য