মাশরাফিতেই আস্থা সিলেটের
খেলাধুলা ডেস্ক ঃ
মাশরাফি বিন মর্তুজাকে ধরে রেখেছে সিলেট স্ট্রাইকার্স। তবে বিপিএলের শুরু থেকে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। জাতীয় নির্বাচনের পর পায়ের অপারেশন করানোর কথা ছিল নড়াইল এক্সপ্রেসের। তবে সিলেট তাদের অধিনায়ক হিসেবে মাশরাফিকেই বেছে নিয়েছে। গতকাল দলটির কোচ রাজিন সালেহ বলেন, ‘এখন পর্যন্ত আমাদের অধিনায়ক মাশরাফিকেই ধরে রেখেছি। যদিও সহ-অধিনায়কের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি। কালকের (আজ) মধ্যে এই সিদ্ধান্তে আসব ইনশাআল্লাহ।’ গত আসরেও সিলেটের অধিনায়ক ছিলেন মাশরাফি। তার নেতৃত্বে ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি। কুমিল্লার কাছে হেরে রানার্সআপ হয়েই তুষ্ট থাকতে হয়েছে চায়ের শহরের দলটিকে। এবারও মাশরাফির অধিনায়কত্বে ভালো কিছুর আশা করছে তারা। তবে ইনজুরির সঙ্গে লড়াই করা মাশরাফি বিপিএলে কতগুলো ম্যাচ খেলতে পারবেন সে বিষয়ে ধোঁয়াশা রয়েছে! রাজিন সালেহ বলেন, ‘ওর ইনজুরি তো গত দুই-তিন বছর ধরেই আছে। ও মেন্টালি অনেক শক্ত মানুষ। আমরা মনে করি ও এটা নিয়ে খেলবে।’
